রাজধানীর বনানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে পিংকি (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। রোববার (৮ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বনানী থানা এলাকার ১৩/এ রোডের ‘ভেনিশিয়ান’ নামক ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মী পিংকি (১৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় তাকে হত্যার অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা দেখা যায়। পরে খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ নিজেদের হেফাজতে নিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে সংশ্লিষ্ট ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. বিজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে থানা পুলিশ সিআইডি ক্রাইম সিন টিমকে বিষয়টি অবহিত করেছে।
বর্তমানে ঘটনাস্থলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন উত্তেজিত জনতা অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে।






মন্তব্য